মাগুরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতিতে সৌহার্দ্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখের মধ্যদিয়ে তিনি ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা। শনিবার রাত ১০টার সময় মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ জেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী আমীর ও মাগুরা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী অধ্যাপক এম বি বাকের এবং মাগুরা-১ আসনের পরাজিত প্রার্থী সাবেক জেলা আমীর আব্দুল মতিন। সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান। অপরদিকে পরাজিত দুই প্রার্থী ফুল দিয়ে তাকে বরণ করেন। পুরো পরিবেশ জুড়ে ছিল আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আবহ। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান পিকুল, কুতুব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, নির্বাচন প্রতিযোগিতার বিষয়, কিন্তু উন্নয়ন সবার। আগামীদিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়তে সবাই মিলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরাজিত প্রার্থীরাও তাকে অভিনন্দন জানিয়ে বক্তব্যকালে মাগুরার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই দৃশ্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
মাগুরা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
