মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৪ নারীসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রামের সোহেল মিয়া ও একই গ্রামের জুলহাস মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০), শামীম মিয়া (২৩)কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর তিন নারীসহ আহত অপর সাতজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, অন্য আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়ারচর গ্রামের বাসিন্দা সোহেল মিয়া (৪০) ও তার চাচাতো ভাই জুলহাস মিয়ার (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি-জমার ভাগবাটোয়ারা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সোহেল মিয়া তার লোকজনদের নিয়ে বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে গিয়ে ওই জমির আইল কাটা শুরু করেন। পরে এই ঘটনার খবর পেয়ে প্রতিপক্ষের জুলহাস মিয়া তার লোকজন নিয়ে সেখানে গিয়ে সোহেল মিয়াসহ তার লোকজনদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের চার নারীসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন