গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম লিপন জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। একটি মামলায় দীর্ঘদিন থেকে তিনি বন্দি ছিলেন। রোববার মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা সদর থানার একটি মামলার হাজতি ছিলেন। এর আগেও কারাগার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৮ সাল হতে অদ্যবধি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, একটি মামলায় গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে তিনি জেল বন্দি ছিলেন। জেলে থাকা অবস্থায় রোববার রাত ১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। তাকে ২০২৪ সালের ৮ই ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তিনি দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেলে ৫ই ফেব্রুয়ারি আবারো জেলগেট থেকে তাকে গ্রেপ্তার দেখায় জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন