নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ যখন ভাসছে, তখনও নিউজিল্যান্ড শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা এ টাইগার পেসার। এদিকে গতির কাঁটা নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিলোমিটারের ঘরে রাখা এ তরুণ তারকাকে নিয়ে বিস্ময় কাটছেই না কিউই অধিনায়ক টম ল্যাথামের। নাহিদের বয়স যেনে তো আরও অবাক বনে গেলেন তিনি!
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদের বয়স যেন বিশ্বাসই করতে পারছিলেন না ল্যাথাম। কিউই অধিনায়ক অকপটে স্বীকার করলেন সেটি।
ল্যাথাম বলেন, ‘আমি কিছুক্ষণ আগে মিরাজের সঙ্গে কথা বলছিলাম। ও জানাল, নাহিদের বয়স নাকি মাত্র ২৩! এই বয়সে মন্থর উইকেটেও সে যেভাবে নিয়মিত ১৫০ কিমি গতিতে বল করছে, তাতে স্পষ্ট সে ভবিষ্যতের এক বিরাট এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে।’
সিরিজে ৮ উইকেট শিকার করা নাহিদ শুধু গতির কারণেই নয়, নজর কেড়েছেন তার মানসিক দৃঢ়তায়ও। ল্যাথামের কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে আসা টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শোনালেন সতীর্থের সেই অদম্য আত্মবিশ্বাসের গল্প। তিনি বলেন, “ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে। এটা একটি বিরাট অর্জন। সবচেয়ে বড় কথা, ও মাঠের ভেতরে অনেক আত্মবিশ্বাসী। আমি যখনই ওকে বোলিংয়ের কথা বলি, ও বলে, ‘ভাই, আমি অনেক আত্মবিশ্বাসী, ভালো বোলিং করতে পারব।’”
নাহিদের পারফর্মেন্স নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই সে (নাহিদ) আমাদের দেশের জন্য বড় সম্পদ। আমরা সবাই চেষ্টা করব ওর যত্ন করার জন্য। সে যেভাবে মেইনটেইন করেছে, দলের জন্য সুবিধা। ভালো মোমেন্টাম নিয়ে আসে দলের জন্য। এটি চালিয়ে যেতে পারলে অনেক ম্যাচ জিততে পারবে বাংলাদেশের হয়ে।’

জাহেদ আনোয়ার
২ মাস আগেআমাদের প্রকৃতি প্রদত্ত প্রতিভার অভাব নাই। আমাদের অভাব হল পরিচর্যার। মুসতাফিজুর এর বেলায় কি আমরা যথাযথ যত্ন নিয়েছি?