‘রকস্টার’ সিনেমার দৃশ্য ফাঁস, বিরক্ত নির্মাতা

‘রকস্টার’ সিনেমার দৃশ্য ফাঁস, বিরক্ত নির্মাতা

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের ভিড়। নতুন সিনেমার কাজ শুরু হলেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় তারকাকে এক নজর দেখতে। আর সেই সুযোগেই অনেক সময় শুটিংয়ের নানা মুহূর্ত ছবি বা ভিডিও হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বর্তমানে আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। ইতোমধ্যে মালয়েশিয়ায় সিনেমাটির একটি অংশের কাজ শেষ হয়েছে। এখন ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। তবে শুটিং চলাকালীন সময়েই সিনেমাটির একাধিক দৃশ্যের ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তৈরি হয়েছে আলোচনা ও সমালোচনা।

সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কিছু দৃশ্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে শাকিব খান-এর নতুন লুক, ভিন্ন স্টাইল ও অভিনয়ের কিছু অংশ। এর আগেও ঢাকার বিভিন্ন লোকেশন থেকে শুটিংয়ের ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে।

ভাইরাল হওয়া একটি ছবিতে পায়ে ব্যান্ডেজ অবস্থায় দেখা যায় শাকিব খান-কে। পাশে দাঁড়িয়ে ছিলেন সাবিলা নূর। আরেকটি ছবিতে দেখা যায়, তার ব্যক্তিগত মেকআপম্যান তাকে কিছু খাইয়ে দিচ্ছেন যা নিয়েও নেটমাধ্যমে চলছে নানা আলোচনা। এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো। তিনি জানান, একজন নির্মাতা হিসেবে তিনি নিজের কাজে মনোযোগ দিতে চান। কিন্তু এভাবে শুটিংয়ের দৃশ্য ফাঁস হলে কাজের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয় এবং নির্মাণ প্রক্রিয়ায় চাপ তৈরি হয়। তার ভাষায়, দিন শেষে কাজটা ভালো না হলে দায় আমার ওপরই আসবে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। শুটিংয়ের দৃশ্য ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় প্রায় দেড় শতাধিক বিদেশি শিল্পী কাজ করেছেন তাদের মধ্য থেকেই কেউ ভিডিও ধারণ করে থাকতে পারেন। এছাড়া একটি বাঙালি রেস্টুরেন্টে শুটিংয়ের সময়ও বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, নিজের টিমের সদস্যদের কাছ থেকে মোবাইল ফোন সংগ্রহ করে শুটিং করা হলেও ঢাকার লোকেশনগুলোতে বাইরে থেকে অনেকেই দূর থেকে জুম করে ছবি ও ভিডিও ধারণ করছেন, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন