রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানা-পুলিশ তানিয়া নবী (২৯) নামের নারীর মরদেহ উদ্ধার করে।
কলাবাগান থানার উপপরিদর্শক শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে ‘রূপসা’ নামের ওই হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের শৌচাগার থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঘুমের বড়ি সেবনে তার মৃত্যু হয়েছে। কলাবাগান থানার পুলিশ জানায়, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাবার নাম নুর নবী; বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তানিয়ার স্বামীর নাম মো. সাগর। শ্বশুরবাড়ি কুমিল্লায় থাকতেন তিনি। ১৯ এপ্রিল ইংরেজি কোর্সে ভর্তি হতে তানিয়া ওই হোটেলে উঠেছিলেন।
