রাজশাহীতে মুসল্লিকে গুলি করে হত্যা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

রাজশাহী নগরীর ডাঁশমারি এলাকায় এশার নামাজের সময় মসজিদে যাওয়ার পথে এক মুসল্লিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. মোস্তফা (৫০)। তিনি ডাঁশমারি এলাকার বাসিন্দা। গত শনিবার রাতে পূর্বশক্রতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার। এ নিয়ে সন্দেহভাজন ৩ জনের নাম উল্লেখ করে ওইদিন রাতেই নগরের মতিহার থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামিরা স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
মামলায় হাসিবুল ইসলাম (৪২), সিহাবুল ইসলাম (২২) ও মো. উকিল (৫২) নামের ৩ জনকে আসামি করা হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাতেই নিহত মোস্তফার স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান ওসি। উল্লেখ্য, শনিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় খোঁজাপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা নিহত হন। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে। সন্দেহভাজন আসামিদের সঙ্গে ২০২৪ সালে একবার মারামারি হয়েছিল। এই ঘটনার জেরে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন