শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াই আবাহনী ও ফর্টিসের

বাংলাদেশ ফুটবল লীগ

শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াই আবাহনী ও ফর্টিসের

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) শিরোপার লড়াইটা ত্রিমুখী। ২৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছে ৩ পয়েন্ট দূরে থাকা আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। তিন দলের শিরোপা রোমাঞ্চ সামনে রেখে আজ মাঠে গড়াবে লীগের ১৮তম রাউন্ড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আবাহনী ও ফর্টিস। হাইভোল্টেজ এ ম্যাচে যে দল জিতবে তারা বসুন্ধরার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। ম্যাচটি ড্র হলে সুবিধা পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন কিংসের। একই দিনে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টেবিলের তলানীর দল আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে খেলতে নামবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচ দুটি শুরু বিকাল সাড়ে ৩টায়। শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আবাহনী ও ফর্টিস-দু’দলই সিরিয়াস। ম্যাচের দুইদিন আগে থেকে ভেন্যুতে অবস্থান করছে তারা।

গতকাল বিকালে দুই দলই অনুশীলন করে। এবারের লীগে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। এমনও হয়েছে, ম্যাচের দিন সকালে ভেন্যুতে গিয়েছে দলগুলো। সেই দিক থেকে এই ম্যাচ আলাদা উত্তাপ ছড়াচ্ছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় আবাহনী বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ যদি আকাশী-নীলরা জিততে পারে, তবে তাদের পয়েন্ট কিংসের সমান ২৮ হবে। একই সমীকরণ ফর্টিসের। লীগে দুর্দান্ত ফর্মে আছে আবাহনী। শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জিতেছে আকাশী-নীলরা। ২৮ গোল করে লীগের দ্বিতীয় সেরা আক্রমণভাগ এখন তাদের। তবে ২০২৪
সালের পর লীগে ফর্টিসের বিপক্ষে জয়হীন আবাহনী। লীগে শেষ তিন দেখার একটিতে হার ও বাকি দুই ম্যাচে ড্র করেছে মারুফুল হকে শিষ্যরা। বিপরীতে এবারের লীগে রোলার-কোস্টারের মতো সময় কেটেছে ফর্টিসের। লীগে শেষ পাঁচ ম্যাচে দলটির দুই জয়, দুই হার ও ড্র এক ম্যাচে। তবে দলটির সবচেয়ে বড় শক্তি রক্ষণভাগে। ১৪ রাউন্ড শেষে মাত্র ৭ গোল হজম করেছে ফর্টিস। লীগে আবাহনী-কিংসের এটি দ্বিতীয় পর্বের ম্যাচ। প্রথম পর্বে কিংস অ্যারেনায় গোলশূন্য ড্র করে দুই দল।

অশান্তিতে বসুন্ধরা কিংস
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা থেকে গতকাল ট্রান্সফার ব্যান হয়েছে বসুন্ধরা কিংস। এ নিয়ে ১১ বার ফিফা কর্তৃক ব্যান হয়েছে দলটি। এ নিষেধাজ্ঞা না কাটলে লীগের পরবর্তী মৌসুমে নতুন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না বসুন্ধরা। পারিশ্রমিক ইস্যুতেও বিপদে ক্লাবটি। দলটির দেশি-বিদেশি ফুটবলাররা পারিশ্রমিক পাচ্ছেন না। গত শুক্রবার মুন্সীগঞ্জে প্রিমিয়ার লীগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে বিদেশি ফুটবলারদের ছাড়াই খেলেছে বসুন্ধরা। গুঞ্জন আছে, তিন বিদেশি ফুটবলার, নাইজেরিয়ান এমানুয়েল সানডে, ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ এবং নাইজেরিয়ান এমানুয়েল টনি দুই মাসের পারিশ্রমিক পেয়েছেন। তবে স্থানীয় ফুটবলারের কেউ অল্প অর্থও বুঝে পাননি। এ কারণে মনোক্ষুন্ন স্থানীয় ফুটবলাররা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন