জাকার্তায় অভিষেকে ‘লড়াকু ড্র’ বাংলাদেশের

এশিয়ান গেমস নারী হকি বাছাই

জাকার্তায় অভিষেকে ‘লড়াকু ড্র’ বাংলাদেশের

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ার জাকার্তায় ড্র দিয়ে আন্তর্জাতিক হকির আঙিনায় পা রাখলো বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অংশ নিতে গিয়ে গতকাল চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে অর্পিতা পালের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। যারা হংকংকে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। দু’দলের ম্যাচ শুরু সাড়ে ১২টায়। জিবিকে হকি ফিল্ডে ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আইরিন আক্তার রিয়া। ১ মিনিট পর গোল হজম করে বসে লাল-সবুজ মেয়েরা। ফিল্ড গোল করে চাইনিজ তাইপেকে ১-১ সমতায় ফেরান ঝু চুন ইয়ি। চাইনিজ তাইপে সমতা ফেরার পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন দলীয় অধিনায়ক অর্পিতা পাল। ২-১ গোলের লিড নিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন অর্পিতা। এতে ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপরই রক্ষণভাগ কিছুটা খেই হারায়। ২৩ ও ২৯ মিনিটে গোল করে ৩-৩ সমতায় বিরতিতে যায় চাইনিজ তাইপে। বিরতির পর ৩৫ ও ৩৬ মিনিটে টানা দুই গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তখন মনে হচ্ছিলো হার দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু করবে বাংলাদেশ। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লেখে মেয়েরা। ৪০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে ব্যবধান কমে ৫-৪ হয়। আর ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত এক হিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৫-৫ সমতায় ফেরান অর্পিতা পাল। শেষ কোয়ার্টারে রক্ষণ দুর্গ আগলে রেখে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক অর্পিতা।

ম্যাচশেষে অর্পিতা বলেন, ‘আমি অনেক খুশি। নতুন দল হিসেবে চাইনিজ তাইপের বিপক্ষে লড়াই করার চেষ্টা করেছি, জয়ী হতে পারিনি। ম্যাচসেরা হতে পেরে ভালো লাগছে। হকি ফেডারেশন ও বিকেএসপিকে ধন্যবাদ জানাই, যেখান থেকে আমি ওঠে এসেছি। ওনারা সুযোগ না দিলে এখানে আসা হতো না। এই ট্রফিটা (ম্যাচসেরার পুরস্কার) পাওয়া হতো না।’ আট দেশের এই বাছাই টুর্নামেন্ট থেকে শীর্ষ চার দল এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট পাবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হংকং ও উজবেকিস্তান। প্রথম রাউন্ড শেষে পুল ‘এ’তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকিস্তান। ১ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ২৬শে এপ্রিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে লাল-সবুজ মেয়েরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন