জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।
আগামীকাল একই অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর কাফিসহ অনেকেই এনসিপিতে যোগ দেবেন বলে জানা গেছে। শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।
জানা গেছে, নিজের অনুসারীদের নিয়ে ইসহাক সরকার এনসিপিতে যুক্ত হতে যাচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান ইসহাক সরকার। বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
পদ ছেড়ে দেয়া প্রসঙ্গে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
ইসহাক সরকার বলেন, বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ আমাকে দেয়া হয়নি। এমনকি আমার অফিস দখল করে নেয়া হয়েছে, আরও নানাভাবে হয়রানি করা হয়েছে। তবে কারও প্রতি কোন বিদ্বেষ না রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া চাই।

মো: গোলাম কিবরিয়া
২ মাস আগেআগামী ৫ বছর পর নির্বাচনে এনসিপির একটা পক্ষ বিএনপির বি টিম হিসাবে কাজ করবে বলে আশা করছি।