মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেছে বাংলাদেশি এক যুবকের। স্ত্রীকে সঙ্গী করে দেশটির রাজধানী কুয়ালালামপুরের মাটিতে পা রাখতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুজাহিদ মিল্লাদ। সঙ্গে থাকা স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদাও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই যুগলের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে ‘এমইএক্স’ মহাসড়ক ধরে কুয়ালালামপুর আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের বরাতে দ্য স্টার অনলাইন লিখেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ৩১ বছর বয়সী এক সেনাসদস্য গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা দেন। ট্রাফিক পুলিশ বলছে, অপর গাড়িতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে আসছিলেন। এদের মধ্যে মুজাহিদ মিল্লাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন তার স্ত্রী ও গাড়ির চালক। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তথ্যমতে, অভিযুক্ত ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
