দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি বেড়েছে গণপরিবহনের ভাড়া। আজ বৃহস্পতিবার বিকালে বাড়তি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)। এর আগে একই দিন দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গণপরিবহনের ভাড়া সমন্বয়ের ঘোষণা দেন।
বিআরটিএর জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮- এর ধারা ৩৪/২ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয়জনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করল।
এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১লা এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৪২ টাকার স্থলে ২ দশমিক ৫৩ টাকা; আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১লা এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ১২ টাকার স্থলে ২ দশমিক ২৩ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উত্তর ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১লা এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৩২ টাকার স্থলে ২ দশমিক ৪৩ টাকা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস/মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রী ও পণ্য পরিবহন কমিটি হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, এ ভাড়ার হার গ্যাসচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।এবং ভাড়ার হার প্রভিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতঃপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন/আদেশ রহিত করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার ২৩-০৪-২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
