এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ টু’র ফাইনালে রোনালদোরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ টু’র ফাইনালে রোনালদোরা

ফন্ট সাইজ:

আল-নাসরের হয়ে একটি বড় শিরোপার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ টু’র ফাইনালে পৌঁছে গেছে সৌদি প্রো লীগের জায়ান্টরা। বুধবার কাতারের ক্লাব আল আহলিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার সুবাস পেতে শুরু করেছে রিয়াদ ভিত্তিক ক্লাবটি।
আগামী ১৬ই মে রিয়াদের মাটিতেই অনুষ্ঠিতব্য ফাইনালে জাপানের শক্তিশালী গাম্বা ওসাকার মুখোমুখি হবে আল নাসর। ৪১ বছর বয়সেও সেই চিরচেনা ক্ষিপ্রতা দিয়ে দলকে পথ দেখাচ্ছেন রোনালদো। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ইনস্টাগ্রামে পর্তুগিজ মহাতারকা লেখেন, ‘দলের জন্য আমি গর্বিত। ফাইনাল এখন আমাদের অপেক্ষায়!’ যদিও এদিনের ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত মাঠে থেকেও জালের দেখা পাননি রোনালদো।

দলের জয়ে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন কোচ হোর্হে জেসুস। শিরোপা নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাইনালে দুটি দল থাকে এবং একটি দলকে হারতেই হয়! সেখানে পৌঁছানোটাই আসল কঠিন কাজ, যা আমরা করে দেখিয়েছি। আমরা ফাইনালে পৌঁছে গেছি, এখন যেকোনো কিছুই ঘটতে পারে!’

শুধু মহাদেশীয় লড়াই-ই নয়, ঘরোয়া লীগেও এখন শিরোপার অন্যতম দাবীদার আল নাসর। সৌদি প্রো লীগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। লীগে টানা ১৪ ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখা রোনালদোদের ঝুলিতে এবার জোড়া শিরোপার হাতছানি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ১,০০০ গোলের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৩১টি গোল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন