বিশ্বকাপ স্বপ্ন শেষ সার্জ ন্যাব্রির

বিশ্বকাপ স্বপ্ন শেষ সার্জ ন্যাব্রির

ফন্ট সাইজ:

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অনুশীলনের সময় ডান পায়ের ‘অ্যাডক্টর’ পেশি ছিঁড়ে গেছে বায়ার্ন মিউনিখ তারকা সার্জ ন্যাব্রির। ফলে বিশ্বকাপ আসর থেকেই ছিটকে গেছেন বাভারিয়ানদের এ তারকা ফরোয়ার্ড। বুধবার বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ ও ন্যাব্রি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে প্রথম চোট অনুভব করেন ৩০ বছর বয়সী ন্যাব্রি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার উরুর পেশি ছিঁড়ে গেছে। বায়ার্নের হয়ে বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিতের রেশ না কাটতেই এমন খবরে বিষাদ নেমে এসেছে জার্মান শিবিরে। নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে এক আবেগঘন বার্তায় ন্যাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের সমর্থন জোগাব।’

বিশ্বকাপের স্রেফ দুই মাস বাকি থাকতে ন্যাব্রির মতো অভিজ্ঞ আক্রমণভাগের খেলোয়াড়কে হারানো কোচ ইউলিয়ান নাগেলসম্যানের জন্য বড় দুশ্চিন্তার কারণ। শিষ্যের চোট প্রসঙ্গে জার্মান কোচ বলেন, ‘আমি সার্জের জন্য খুব দুঃখিত। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এটি সত্যিই একটি বিষাদময় সংবাদ।’

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ আসরের আগে ছিটকে গেলেন ন্যাব্রি। এর আগে ২০১৮ সালেও একই পেশির চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে পারেননি তিনি। জার্মানির হয়ে ৫৯ ম্যাচে ২৬ গোল করা এ তারকা ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছিলেন। আসন্ন বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট, কুরাসাও এবং ইকুয়েডর। আগামী ১৪ই জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন