রাজধানীর মিরপুর এলাকায় এসএসসি পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি মিরপুর-১৩ এলাকায় অবস্থিত শহীদ পুলিশ স্মৃতি স্কুল, কাজীপাড়া সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা এবং মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষার শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এছাড়া তিনি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন ও তাদের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়গুলো শোনেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমরা বাচ্চাদের দেখে দোয়া করে আসছি। আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। এরাই আমাদের বাংলাদেশ। বাচ্চাদের সঙ্গে আপনারা যারা কষ্ট করছেন আল্লাহ আপনাদের সম্মান দান করুন।
