নারী সাফে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৫শে মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে ঋতুপর্ণাদের হ্যাটট্রিক শিরোপা মিশন। গতকাল ঢাকায় সাফের কার্যালয়ে নারী সাফের ড্র হয়েছে। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। টুর্নামেন্টে আফঈদা-ঋতুপর্ণাদের ম্যাচ তিনদিন পর ২৮শে মে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ৩১শে মে। এবারের নারী সাফে অংশ নিচ্ছে পাকিস্তান। যার ফলে ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সাফ। গতকাল ফিফা নারী র্যাঙ্কিং প্রকাশ করে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
সাফ ছয় দলকে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি পটে রাখে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে শ্রীলঙ্কার সঙ্গে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল দুই নম্বর পটে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম ওঠান। এরপর গ্রুপ হিসেবে উঠান ‘বি’। এতে বাংলাদেশ স্বাগতিক ভারতের সঙ্গে পড়ে। টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালেও বাংলাদেশের গ্রুপে ছিল ভারত, সঙ্গে পাকিস্তান।
২০২২ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ। সেই ধারাবাহিকতায় এবারো শক্তিশালী ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় পটে বাংলাদেশের গ্রুপে সঙ্গী হয় মালদ্বীপ। ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দু’টি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তিমত্তায় এগিয়ে থাকায় এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার কারণে।
এর কিছুদিন পরই অবশ্য শুটিং খেলতে যাওয়ার অনুমতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। তাই মে মাসে ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল পাঠাতে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক। হ্যাটট্রিক সাফের মিশনের জন্য বাংলাদেশ আগামীকাল চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে। দেশের বাইরেও প্রস্তুতি নেয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। ভারত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যে ভাগ বসায় বাংলাদেশ। গত দু’টি সাফে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ১০ বছর পর মেয়েদের সাফ আয়োজন করতে যাচ্ছে ভারত। এবারের আসরে সব ম্যাচ হবে দেশটির গোয়া রাজ্যের বাণিজ্যিক রাজধানী মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে।
ফিকশ্চার
২৫ মে ২০২৬ : ভুটান-নেপাল, মালদ্বীপ-ভারত
২৮ মে ২০২৬ : শ্রীলঙ্কা-ভুটান, বাংলাদেশ-মালদ্বীপ
৩১ মে ২০২৬ : নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত
০৩ জুন ২০২৬ : সেমিফাইনাল
৬ জুন ২০২৬ : ফাইনাল
