নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না আগে থেকেই এমন গুঞ্জন ছিল। ওয়ানডে সিরিজ শেষে ২৪শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত পাকিস্তান সুপার লীগে খেলার অনাপত্তিপত্র আছে তার। এজন্য তাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগের পরিকল্পনা অনুযায়ী, আজ তৃতীয় ওয়ানডে শেষেই তার পাকিস্তান উড়াল দেয়ার কথা। কিন্তু বাধ সেধেছে তার চোট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার ঠিক আগে ওয়ার্মআপে ডান পায়ের হাঁটুতে অস্বস্তিবোধ করেন মোস্তাফিজুর। প্রথম ম্যাচে তার খেলা হয়নি। দ্বিতীয় ম্যাচের আগে রোববার অনুশীলনে পুরোদমে, পুরোজোরে বোলিং করলেও পরদিন মূল ম্যাচে খেলেননি। এখন দলের সঙ্গে আছেন চট্টগ্রামে। চনমনে অনুশীলন করেছেন বাঁহাতি পেসার।
আজ তৃতীয় ওয়ানডে খেলতেও পারেন তিনি। সেক্ষেত্রে তার পাকিস্তান যাওয়া নিয়ে সংশয় থাকবে না। তবে চোট পুরোপুরি সেরে না উঠলে একাদশের বাইরে থাকলে পুনরায় পিএসএলে অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকবে। সেক্ষেত্রে ফিজিও ও নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে বাঁহাতি পেসারকে। পিএসএলে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৮ ম্যাচে ৪টি করে জয় ও পরাজয় লাহোরের। তাদের এখনো সুযোগ আছে প্লে অফে যাওয়ার। নিশ্চিতভাবেই লাহোর মোস্তাফিজুরের অপেক্ষায়। এদিকে, পিএসএলে যেতে পারেন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা নাহিদ রানাও।
তার দল পেশোয়ার জালমি তাকে চাইছে। নাহিদ এখনো অনাপত্তির জন্য আবেদন করেননি। তবে সূত্র বলছে, দ্বিতীয়বার পিএসএলে যেতে আগ্রহী নাহিদও। আজ-কালকেই অনাপত্তির আবেদন করবেন। তাকে যেতে অনুমতি দেবে বিসিবিও। পেশোয়ারের হয়ে নাহিদ ৫ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৫.৪২ ইকোনমিতে। তার দল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। প্লে অফ নিশ্চিত করে ফেলা পেশোয়ার শিরোপার লড়াইয়ে দ্রুতগতির এই বোলারকে পেতে চাইছে।
