আকবর-প্রিতমের সেঞ্চুরি, অপেক্ষায় মুশফিক ও অমিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) গতকালের দিনটা নিজেদের করে নিয়েছেন নর্থ জোনের অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার। দু’জনে গড়েছেন ২৩৩ রানের জুটি, পেয়েছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে সাউথ জোনের ৩১৪ রান টপকেছে নর্থ জোন। এমনকি দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়েছে আকবর আলীরা।

আগের দিনের ১৬ রান নিয়ে খেলতে নেমে গতকাল স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় নর্থ জোন। ১৫ রান করে পেসার আবু জায়েদ রাহীর বলে আউট হন আবদুল্লাহ আল মামুন। দলীয় ৪২ রানে ফিরে যান আরেক ওপেনার সাব্বির হোসেনও। স্কোরবোর্ডে ৫৫ রান তুললেই তৃতীয় উইকেট হারায় নর্থ জোন। এবার লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সফরের দ্বিতীয় শিকারে পরিণত হন ইকবাল হোসেন (৯)।

এরপর নর্থ জোনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রিতম কুমার ও আকবর আলী। অনেকটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন নর্থের দুই ব্যাটার। ১৫৮ বলে দুই ছক্কা ও ১৬ চারে ১২১ রান করেন আকবর। আকবরকে ব্যাকওয়ার্ড পয়েন্টে আশরাফুল হাসানের ক্যাচ বানিয়ে ২৩৩ রানের এই জুটি ভাঙেন সামিউন বসির রাতুল।

১৮৪ বলে দুই ছক্কা ও ১৬ চারে ১৫১ রানে অপরাজিত রয়েছেন প্রিতম। শেষ বিকালে ৩৯ বলে ২২ রান করে প্রিতমকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন স্পিনার সানজামুল ইসলাম। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখছে নর্থ জোন। ৬৫ রানে লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে তারা। এদিকে দিনের আরেক ম্যাচে লড়েছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন।

দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের ৩০৭ থেকে ইস্ট জোন পিছিয়ে আছে ৫৭ রানে। এদিন মুশফিকুর রহীম ৫৯ রানে এবং অমিত হাসান রয়েছেন ৮৮ রানে অপরাজিত। দলীয় রান ঠেকেছে ৩ উইকেট হারিয়ে ২৪৩।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন