দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলো না বাংলাদেশ নারী দল। রাজশাহীতে গতকাল ৪ উইকেটের জয়ে সমতায় ফিরলো লঙ্কান মেয়েরা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হবে দু’দল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
রান তাড়ায় ৩৮.২ ওভারেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় ৪ রানের মধ্যে বিদায় নেন জুয়াইরিয়া ফেরদৌস (২)। স্কোর কার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন আগের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলা শারমিন আক্তারও (০)। বিপর্যয়ের মুখে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০১ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটার।
৪টি চারে সাজানো তার ইনিংস। জ্যোতির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শেষ দিকে স্বর্ণা আক্তার (১৬), নাহিদা আক্তার (২০) ও রাবেয়া খানের কল্যাণে সংগ্রহ কিছুটা বড় হয় বাংলাদেশের। লঙ্কানদের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক চামারি আতাপাত্তু। দুইটি করে নেন মালকি মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানউইরা। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ফিফটির আগে আরেক উইকেট হারায় তারা। তবে ওপেনার আতাপাত্তুর ৪০ রানের ইনিংসে ভরসা খুঁজে পায় শ্রীলঙ্কান মেয়েরা। এরপর চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটিই মূলত ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয়।
সর্বোচ্চ ৫০ রান করে আউট হন সামারাবিক্রমা এবং করুনারত্নের ব্যাট থেকে আসে ৪০ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট এবং ৭০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা। স্বল্প পুঁজি নিয়েও ম্যাচে বল হাতে একাই লড়ে যান বাংলাদেশের স্পিন তারকা নাহিদা আক্তার। স্রেফ ২১ রান খরচায় একাই ৪ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে ৭ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে লঙ্কান শিবিরে কাঁপনও ধরিয়ে দেন তিনি। তবে সতীর্থদের থেকে সমর্থন না পাওয়ায় তার এই অর্জন ম্লান হয়ে যায়। সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনাল বা তৃতীয় ওয়ানডে ম্যাচটি আগামী শনিবার অনুষ্ঠিত হবে একই মাঠে।
