দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে গতির ঝড়ে একাই উড়িয়ে দিয়ে দ্রুতই পুরস্কার পেলেন নাহিদ রানা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে বোলারদের তালিকায় বড় লাফ দিলেন এ টাইগার পেসার। শুধু নাহিদই নন, নিজ নিজ জায়গায় উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনরাও। আইসিসি পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং যথারীতি প্রকাশিত হয় গতকাল। মিরপুরে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় এক লাফে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ। বর্তমানে ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৬৪ নম্বরে। ২৩ বছর বয়সী নাহিদের পাশাপাশি স্পিন বিভাগেও উন্নতির দেখা মিলেছে। ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
চোট কাটিয়ে ফেরা শরিফুল ইসলাম জায়গা করেছেন ৩৯ নম্বরে। তবে চোটের কারণে ম্যাচ মিস করায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। সাত ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে রয়েছেন এ বাঁহাতি পেসার। বোলারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার উপরে মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়ে টাইগার অধিনায়কের অবস্থান অষ্টম। ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন তাওহীদ হৃদয়। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ২৬তম। ওপেনার তানজিদ হাসান দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে। এ ছাড়া, নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে ৪৩তম এবং প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকানো সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।
