বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সংসদ অধিবেশনে রাজশাহী-১ আসনের বিরোধী দলের সদস্য মো. মুজিবুর রহমানের উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিসিএস-এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২,৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৫তম বিসিএস-এ ৪৫০ জন, ৪৬তম বিসিএস-এ ১,৬৮২ জন, ৪৭তম বিসিএস-এ ১,৩৩১ এবং ৫০তম বিসিএস-এ ৬৫০ টি সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
সিনিয়র স্টাফ নার্স শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। তিনি জানান, মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে শূন্যপদগুলো পূরণ করা হবে।
৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, ৮ জেলায় সম্ভাব্যতা যাচাই চলছে: মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৩৪ জেলায় এখন পর্যন্ত ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমান (কক্সবাজার-৩)-এর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে উল্লিখিত ৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা, বগুড়া, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, হবিগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা, চাঁদপুর ও সুনামগঞ্জ।
সাখাওয়াত আরও জানান, এখনও ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এসব জেলা হলো- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।
মন্ত্রী উল্লেখ করেন, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুর এই আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশব্যাপী স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং সম্প্রসারণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

সিরু
৩ মাস আগেযত সংখ্যক খুশি নিয়োগ দেন, কিন্ত নিয়োগ প্রাপ্ত রা যেন ঘরে ঘরে গিয়ে পুরুষ মহিলাদের জামাতি জঙ্গি না বানায়, সে দিকে খেয়াল রাখতে হবে।