নারী সাফে টানা দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে ঋতুপর্ণাদের হ্যাটট্রিক শিরোপা মিশন। আজ ঢাকায় সাফের কার্যালয়ে নারী সাফের ড্র হয়েছে। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
এবারের নারী সাফে অংশ নিচ্ছে পাকিস্তান। যার ফলে ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সাফ। গতকাল ফিফা নারী র্যাঙ্কিং প্রকাশ করে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাফ ছয় দলকে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি পটে রাখে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে, শ্রীলঙ্কার সাথে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল দুই নম্বর পটে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম ওঠান। এরপর গ্রুপ হিসেবে উঠান ‘বি’। এতে বাংলাদেশ স্বাগতিক ভারতের সঙ্গে পড়ে। তৃতীয় পটে বাংলাদেশের গ্রুপে সঙ্গী হয় মালদ্বীপ। ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তিমত্তায় এগিয়ে থাকায় এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে।
