ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। জোটের অন্যতম প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত জানান।
জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য-কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করেন তিনি।
মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেয়া হবে।
জামায়াত জোটের শরিক এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। আর ২০২৫ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে নাম লেখান।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
