বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আহসান হাবীব। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামে। তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সূত্র, দুর্ঘটনায় রেসপন্স করার জন্য ১টি ইউনিট বের হওয়ার সময় মেইন গেট খুলে টার্ন আউটের গাড়ি বের হওয়ার জন্য রাস্তায় ১টি ট্রাককে থামান মো. আহসান হাবীব। ট্রাকটি থামার কিছুক্ষণের মধ্যেই বেপরোয়া গতির একটি বাস পেছন দিক থেকে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাকটি স্টেশনের ভেতর ঢুকে যায় এবং আহসান হাবীব ট্রাকের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে শেরপুর ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স যোগে বগুড়ার জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
