কিংসকে ডোরিয়েল্টন আর মোহামেডানকে প্লে-অফে তুললেন সৌরভ

কিংসকে ডোরিয়েল্টন আর মোহামেডানকে প্লে-অফে তুললেন সৌরভ

ফন্ট সাইজ:

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলে বিদায়, ড্রয়ে অনিশ্চয়তা আর জিতলেই মিলবে প্লে-অফের টিকিট। এমন সমীকরণের ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ ভিন্ন হলেও গ্রুপ পর্বের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় ব্যবধানেই জিতেছে দুই দল। তুলনামূলক খর্ব শক্তির আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে হারিয়ে প্লে-অফের টিকিট পেয়েছে মোহামেডান। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেছেন সৌরভ দেওয়ান। আর পুলিশ এফসি’র বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এদিন কিংসের হয়ে একাই চার গোল করেছেন ডোরিয়েল্টন গোমেজ। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি। ৫ পয়েন্ট করে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। প্লে-অফে ওঠার হাতছানি ছিল সবার সামনে। শেষ পর্যন্ত দারুণ জয়ে সমান ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হয়েছে বসুন্ধরা কিংস। আর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠলো মোহামেডান।

যদিও আরামবাগের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে আটকে গিয়েছিল মোহামেডান। অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে গতকাল ফেডারেশন কাপে দুর্দান্ত ফুটবল খেলেছে সাদা-কালো শিবির। ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জুয়েল মিয়া দলকে এগিয়ে নেয়ার পর হ্যাটট্রিক করেন সৌরভ দেওয়ান। যদিও শুরু থেকে আক্রমণাত্মক খেললেও প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারছিল না সাদা-কালোরা। ৩৬ মিনিটে বক্সের একটু বাইরে থেকে এলি কেকের ফ্রি-কিক পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পরই প্রতিপক্ষের রক্ষণের নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে মাঝমাঠ থেকে ক্রস বাড়ান কেকে। ছুটে গিয়ে দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন জুয়েল। মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে নেয় ৭৫ মিনিটে। কাজী রাহাত সতীর্থকে আড়াআড়ি ক্রস দিতে গিয়ে তালগোল পাকিয়ে বসেন। বক্সের ভেতরে আচমকা পাওয়া সুযোগ হেডে কাজে লাগান সৌরভ। একটু পরই বক্সের ভেতর থেকে নিচু জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সৌরভ। শেষ দিকে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে বাম পায়ের কোণাকুণি শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে দ্বিতীয় জয়ও নিশ্চিত হয়ে যায় মোহামেডানের, সেইসঙ্গে প্লে-অফও।

এদিকে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে কিংসের হয়ে একাই চার গোল করেন ডোরিয়েল্টন। যদিও ম্যাচের ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পায় পুলিশ। কিন্তু স্পট কিক নিতে এসে ক্রসবারে মেরে বসেন ফরোয়ার্ড পাওলো এনরিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি পায় কিংস। গোলকিপারকে পরাস্ত করে সহজেই লক্ষ্যভেদ করেন ডোরিয়েল্টন। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় কিংস। রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন এই ব্রাজেলিয়ান ফরোয়ার্ড।

এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙ্গিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ তিনি। ৮২ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক পূরণ করেন ডোরিয়েল্টন। শেষ দিকে আরও এক গোল করে পুলিশ এফসির বিদায় ঘণ্টা বাজিয়ে দেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এম এস বাবলু ফিরতি শটে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান (১-৪)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন