টাইগ্রেসদের সামনে সিরিজ জয়ের হাতছানি

টাইগ্রেসদের সামনে সিরিজ জয়ের হাতছানি

ফন্ট সাইজ:

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়ের পর এবার সিরিজ নিশ্চিত করার সুযোগ টাইগ্রেসদের। আর সফরকারী শ্রীলঙ্কার জন্য ম্যাচটি টিকে থাকার লড়াই। দু’দলের লড়াই শুরু সকাল সাড়ে ৯টা। দুইদিন আগে নিজেদের ওয়ানডে ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। সেই ম্যাচে শারমিন আক্তার ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে নাহিদা-সুলতানা জুটি স্নায়ুচাপ সামলে বাংলাদেশকে জয় এনে দেন। যদিও টাইগ্রেসসরা ম্যাচটি আরও সহজে জিততে পারতো। শেষ দিকে ১১ বলের ব্যবধানে ১ রানে ৪ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যায়। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাটারদের আজ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে শ্রীলঙ্কা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট সফরকারীদের। আর প্রথম ওয়ানডেতে জয় দিয়ে নতুন চক্র শুরু করা বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে দুই দলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারলেও শ্রীলঙ্কান ওপেনার ইমেশা দুলানি ও হানসিমা করুনারত্নের হাফ সেঞ্চুরি করেন। এই দু’জনের পাশাপাশি আরেক লঙ্কান ব্যাটার চামারি আতাপাত্তু ম্যাচে সেরাটা দিতে মুখিয়ে থাকবেন। প্রথম ওয়ানডের ভুলগুলো শুধরে রাজশাহীর কন্ডিশনে মানিয়ে নিয়ে সিরিজে ফিরতে মরিয়া লঙ্কান মেয়েরা।

বাংলাদেশের হয়ে শারমিন আক্তার দুর্দান্ত ফর্মে আছেন। প্রথম ওয়ানডেতে চোট নিয়ে মাঠছাড়া সোবহানা মোস্তারিও মাঠে নামতে পারেন। বল হাতে রিতু মনি ও নাহিদা আক্তারের সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের বড় শক্তির জায়গা। শ্রীলঙ্কার পক্ষে ইনোকা রানাভেরা এবং তরুণ অলরাউন্ডার দেউমি বিহাঙ্গা বড় ভীতি হয়ে দাঁড়াতে পারেন টাইগ্রেসদের জন্য। কামারুজ্জামান স্টেডিয়ামের উইকেটে প্রথম ওয়ানডেতে বোলার ও ব্যাটার- দুই পক্ষই সহায়তা পেয়েছে। আজও স্পোর্টিং উইকেট আশা করা হচ্ছে। তবে রাজশাহীর ভ্যাপসা গরম খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেই চ্যালেঞ্জের মাঝে লঙ্কানদের আরও চাপে ফেলতে চায় বাংলাদশ। একই মাঠে ২৫শে এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। রাজশাহীতে ওয়ানডে সিরিজ খেলে সিলেটে যাবে দুই দল। সেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ ও ৩০শে এপ্রিল এবং ২রা মে ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন