এই গরমেও নাহিদের ১৪০ কি.মি গতির বোলিং অবিশ্বাস্য লাগছে কেলির

এই গরমেও নাহিদের ১৪০ কি.মি গতির বোলিং অবিশ্বাস্য লাগছে কেলির

ফন্ট সাইজ:

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি ম্যাচে শেষ পর্যন্ত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে গেছেন এ টাইগার পেসার। মিরপুরে অন্তত দুই ঘণ্টা ব্যাটিং করা নিক কেলি বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না। এই গরমে এত গতিতে টানা বোলিং করে যাওয়ায় ম্যাচের পর নাহিদের প্রশংসায় পঞ্চমুখ কিউই ব্যাটার। নিউজিল্যান্ডের হয়ে এদিন ১০২ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন কেলি। সম্ভাব্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর তিনি জানান, প্রচণ্ড গরমে ব্যাটিং করাও কষ্টকর হয়ে যাচ্ছিল তার জন্য। ওদিকে একই আবহাওয়ার মধ্যে টানা ১০ ওভার একের পর এক আগুনের গোলা ছুড়ে গেছেন নাহিদ। টাইগার পেসারের ম্যাচের প্রথম ডেলিভারিটি ছিল ১৪৪.৭ কিলোমিটার গতির, শেষটি ১৪৫.৬ কিলোমিটার। মাঝেরগুলোর গতিতেও খুব বেশি হেরফের হয়নি। ১০ ওভারের মধ্যে একটি ডেলিভারি ছাড়া সবকটিই ছাড়ায় ১৪০ কিলোমিটার গতি। এমন তীব্র গরমের মধ্যে যেখানে নিজের ব্যাটিং করাই কষ্টসাধ্য, সেখানে নাহিদের টানা এমন গতির বোলিং বিশ্বাসই করতে পারছেন না কেলি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আজ বেশ লম্বা সময় ব্যাটিং করেছি।

এই গরমে ছুটে এসে এত দ্রুতগতিতে বল করার কথা ভাবতেও পারছি না। প্রচণ্ড গরম!’ কেলি আরও বলেন, ‘আগেও বলেছি, সে প্রথম বল থেকেই ভালো গতিতে বল করছে। আজ তার স্পেলের শেষ বলে গতি ছিল ১৪৫। অর্থাৎ, সে চার ঘণ্টা রোদের মধ্যে ছিল। এবং প্রথম বল থেকে শুরু করে একেবারে শেষ বল পর্যন্ত ওই গতিতে বল করার সামর্থ্য সত্যিই খুব প্রশংসনীয়।’ বল হাতে নিউজিল্যান্ডের জন্য রীতিমতো আতঙ্কই ছড়ান ২৩ বছর বয়সী নাহিদ। ১০ ওভারে কেবল ৩২ রানের খরচে পূরণ করেন ফাইফার।

নিউজিল্যান্ডকে দুইশ’র আগেই আটকে রাখার বড় কৃতিত্বটা তারই। তাই তো টাইগার পেসারের প্রশংসায় কোনোরকম রাখঢাক করলেন না কেলি। কিউই ওপেনার বলেন, ‘সে দারুণ সম্ভাবনাময় তরুণ প্রতিভা। দারুণ গতিতে বল করে এবং আমার মনে হয় আজকের উইকেট তার জন্য সুবিধাজনক ছিল। উইকেটে একটু বেশি ঘাস থাকায় তার জন্য কাজটা আরও সহজ ছিল এবং সে ১৪০ কিলোমিটারের মাঝামাঝি গতিতে বল করেছে। এবং গতির সঙ্গে বল সুইংও করিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ একজন ভালো তরুণ ফাস্ট বোলার পেয়েছে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটি খেলতে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে নামবে দু’দল। প্রথম দুই ম্যাচের মতো এটিও শুরু হবে বেলা ১১টায়। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি মাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর মিরপুরে অনুষ্ঠিত হবে সীমিত ওভারের শেষ ম্যাচ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন