বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের আহমেদ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। আন্দোলন চলাকালে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিটিআরসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক এবং জুনাইদ আহ্মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে আজ ট্রাইব্যুনালে আনা হয়।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার ৫ নম্বর সাক্ষী হিসেবে আব্দুল কাদের বলেন, ‘জুলাই আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাত ৯ টার দিকে জুনায়েদ আহমেদ পলক ফোন করে আমাকে বলেন, ‘আমি কেন ইন্টারনেট বন্ধ সংক্রান্ত বিটিআরসি’র নির্দেশনা প্রতিপালন করছি না। এছাড়াও সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে তা জানতে চান সাবেক এই প্রতিমন্ত্রী। জবাবে আমি তাকে জানাই ১৫ মিনিট লাগবে। তখন পলক আমাকে বলেন, আমি যেন ইন্টারনেট বন্ধ করে তাকে নিশ্চিত করি। তখন আমি আমার অধীনস্থ জেনারেল ম্যানেজার অপারেশনসদের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল দুটো শার্ট-ডাউনের জন্য সরকারি নির্দেশনা জানাই। পরে ১৫ মিনিটের মধ্যে সাবমেরিন ক্যাবল দুটো শার্ট ডাউন করা হয়। এভাবেই ট্রাইব্যুনালের সাক্ষীর কাঠগড়ায় বসে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের কারণ জানিয়ে বিটিআরসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তার জবানবন্দি দিচ্ছিলেন। তখন ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় বসে গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আসামি জুনায়েদ আহমেদ পলক।’
