যশোরের চৌগাছায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ভুক্তভোগীদের গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় এ মামলার করা হয়। এছাড়া সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন আসামিদের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের আনা অভিযোগ পড়েন বিচারপতি শফিউল।
এরপর কাঠগড়ায় থাকা এ মামলার তিন আসামিকে দোষ স্বীকার করবেন কিনা জিজ্ঞেস করা হয়। এ সময় আসামিরা দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। একইসঙ্গে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এ মামলার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক।
এসপি আনিসুরসহ পলাতক অন্যরা হলেন-চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল। তাদের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
এর আগে, ১৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। ১২ এপ্রিল অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় আজ এ বিষয়ে আদেশ দেন আদালত।

Rashed
৩ মাস আগেহাসিনারে খুশি করে ধন্দবাজিতে বাস্ত ছিলো পুলিশ। এইগুলার চরম শাস্তি হওয়া উচিৎ।