অপরাধী ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে

অপরাধী ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে

ফন্ট সাইজ:

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এই তিন দল, প্ল্যাটফরম ও সংগঠনের ৪৪ জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এসব নেতাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারও সাবেক পরিচয় মুখ্য নয়। ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক- তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সন্ত্রাসী, অপরাধীরা এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের তরুণদের ‘ব্রডার অ্যালায়েন্সের’ প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। গতকাল দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপিতে যুক্ত হওয়া ৪৪ ব্যক্তির নাম পড়ে শোনান নাহিদ ইসলাম। যুক্ত হওয়া এই ব্যক্তিদের বেশির ভাগ আপ বাংলাদেশের, একজন এবি পার্টির, কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

এনসিপি’র আহ্বায়ক বলেন, এনসিপিতে যোগদানের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। আরও অনেকের সঙ্গে আমাদের আলোচনা চলছে। প্রতি সপ্তাহেই আমাদের এ ধরনের কর্মসূচিগুলো থাকবে। আপ বাংলাদেশসহ কিছু প্ল্যাটফরমের তৃণমূল পর্যায়ে, জেলায় জেলায় যারা কাজ করছেন, তারা সবাই সারা দেশে একইভাবে এনসিপিতে যুক্ত হয়ে যাবেন।
নাহিদ বলেন, আজকে যারা যোগ দিচ্ছেন, তারা আমাদের থেকে খুবই আলাদা ছিলেন, এ রকম নয়। ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমে চেষ্টা করলেও সবাই একই লক্ষ্যে কাজ করেছেন।

তরুণদের দল ও জুলাই গণ-অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এখন এনসিপিকে শক্তিশালী করার চিন্তা থেকেই দল বড় করার উদ্যোগ নিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, যেভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যাচ্ছে, এখানে আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করে নাহিদ বলেন, তারা যে প্ল্যাটফরমেই থাকুক না কেন, আমরা তাদের এনসিপিতে যোগদানের আহ্বান জানাচ্ছি। যারা রাজনীতির বাইরেও একত্রে কাজ করতে চান, তাদের সঙ্গেও আমরা কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন। কারণ, আমরা দেশটাকে নতুন করে আবার আগের বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা তথা সংস্কার বাস্তবায়ন, একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করা এবং গণহত্যাকারীদের বিচারসহ সব বিষয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকতে এ সময় একটি সামষ্টিক বোঝাপড়া হচ্ছে। জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাজ করা আমাদের লক্ষ্য। আজকে তারই অংশ হিসেবে একাধিক প্ল্যাটফরমের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক এনসিপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ও মুখপাত্র শাহরীন ইরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে জুনায়েদ ও রাফে সালমান ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।

সংবাদ সম্মেলন শেষে অন্য দল, প্ল্যাটফরম ও সংগঠন থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে এনসিপিতে বরণ করে নেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে ঘোষিত এনসিপিতে যোগ দেয়া অন্য ব্যক্তিরা হলেন-আয়মান রাহাত, হাসান তানভীর, তানভীর আহম্মেদ কল্লোল, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মো. জসীম উদ্দীন, মো. মোশারফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌফিক মাহমুদ, ফারহানা শারমিন সূচি, সাজ্জাদ সাব্বির, মো. রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, সোয়েব হাসান রায়ান, মো. সোয়েব হাসান, মুরাদ হোসেন, আবু সাঈদ মোহাম্মদ নোমান, ফায়াজ শাহেদ, মো. ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত-ই-রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমীদ, মো. শামীম, বদরে আলম শাহীন, মো. নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাকিবুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাদাফ মুহতাসিম প্রান্তিক (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মহিউদ্দিন হাসান, মো. নুরুল হাসান ও আল মাহমুদ।

এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ সময় উপস্থিত ছিলেন।

রুহেল

৩ মাস আগে

এই কথা যদি বিএনপি বলতো তবে এরা তান্ডব শুরু করে দিতো।

Arif

৩ মাস আগে

সেই গানের কথা মনে পড়ে গেলো, 'ভুল সবই ভুল' ............(চলতে থাকবে !!)

Sakhawat

৩ মাস আগে

“‘অপরাধী ছাড়া’ ছাত্রলীগের সদস্যদের এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া—এটি অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। তবে প্রশ্ন হচ্ছে, আপনার নিজ দলের ভেতরে যাদের বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে কি কোনো নিরপেক্ষ তদন্ত করা হয়েছে? যদি হয়ে থাকে, সেই তদন্তের ফলাফল জাতির সামনে প্রকাশ করা জরুরি।

শহিদুল ইসলাম

৩ মাস আগে

হায়রে রাজনীতির আদর্শ ক্ষমতায় যাওয়ার কৌশল। পতিত স্বৈরশাসক দলের কর্মীদেরকে এন সি পি দলে যোগদানের আহ্বান। মনে পড়ে গেল সেলুকাস বিচিত্র মানুষ বিচিত্র মানুষের স্বভাব।

Lima

৩ মাস আগে

তাহলে আস্তে-ধীরে সব জায়েজ করতেছেন? এদের দাপট এ সারা দেশের মানুষ ছিল কোনটাসা।এরাই আবার রাজনীতি করবে?

Shahab

৩ মাস আগে

Saddam, golam robbani, nikhil, nizam, azam, sikhor all are invited for joint national cheater party.

সিরু

৩ মাস আগে

NCP কোন রাজনৈতিক দল ই না। এটা গুপ্তদের একটা ব্যানার মাত্র যাহা জঙ্গি রাজাকারদের উদ্দেশ্য হাসিলের জন্য চোর বাটপার চাঁদাবাজ ধর্ষক খুনিদের জড়ো করছে।

মন্তব্য করুন