তারেক রহমানসহ নির্বাচিত সংসদ সদস্যদের আইইবি’র অভিনন্দন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সকল সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই অভিনন্দন জানায়। এতে বলা হয়, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আইইবি দৃঢ়ভাবে প্রত্যাশা করে। আইইবি আশা করে, নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিবৃতিতে বলা হয়, দেশের টেকসই ও সাশ্রয়ী অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিকাশে প্রকৌশলীদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। আইইবি বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের কল্যাণে সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের মাধ্যমে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। একইসঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে আইইবি’র নেতৃত্বে দেশের প্রকৌশলী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত ও অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে। এতে আরও বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’- এই প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে- আইইবি এই আশাবাদ ব্যক্ত করছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন