ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগ খেলার স্বপ্নে বড় ধাক্কা খেলো চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারলো ব্লুরা। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় পুড়তে হলো লিয়াম রোজেনিওরের শিষ্যদের। অন্যদিকে, এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। তবে ইউনাইটেডের জালের দিকে গুনে গুনে ২১টি শট নিলেও স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে স্রেফ ১টিই। ওদিকে, ৪টি শটের মধ্যে লক্ষ্যে রাখা ১টি শটেই বাজিমাত ইউনাইটেডের। একাদশ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত থাকে চেলসি। ৩৮তম মিনিটে এঞ্জো ফার্নান্দেজের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর মধ্যে ৪৩তম লিড নেয় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস থেকে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুনহা। এই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচ শেষে চেলসি কোচ রোজেনিওর হতাশা প্রকাশ করে বলেন, ‘এ হার আমাদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিয়েছে। তবে আমরা হাল ছাড়ছি না।’ বর্তমানে ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে চেলসি। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থাকায় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে জায়গা পাওয়া এখন তাদের জন্য কঠিন সমীকরণ।
এদিকে, প্রিমিয়ার লীগের অন্য ম্যাচে ঘোর অন্ধকার নেমে আসে টটেনহ্যাম হটস্পারের জন্য। ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে রেলিগেশন বা অবনমন জোনে পৌঁছে গেছে স্পার্সরা। ৩৩ ম্যাচে স্রেফ ৭ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টাদশ তারা।
