পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার ডোমারের সোনারায়ে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি বলেন, ‘আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আগের মতোই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাবো না।’ তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখবো। এই ভালোবাসা আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করুক। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন