খন্দকার দেলোয়ারের আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ

মানিকগঞ্জ-১

খন্দকার দেলোয়ারের আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ

ফন্ট সাইজ:

মানিকগঞ্জ-১ আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের আসন পুনরুদ্ধার করেছেন তার রাজনৈতিক শিষ্য বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ জিন্নাহ কবীর। ভোটের মাঠে শক্ত ২ প্রার্থী নিজের দলের বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা ও জামায়াতে ইসলামের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের চ্যালেঞ্জের মুখেও অর্ধলাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। ১৯৭৩ সাল পরবর্তী ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মানিকগঞ্জ-১ আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম আনোয়ারুল হকের সঙ্গে পরাজিত হন খন্দকার দেলোয়ার। ওই নির্বাচনে খন্দকার দেলোয়ারের প্রথমবারের মতো পরাজয়ের পেছনে মূল ফ্যাক্টর ছিল বিএনপি’র বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের প্রতিপক্ষ হয়ে দলের বিদ্রোহী হন তোজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, খন্দকার দেলোয়ার হোসেনের বড় পুত্র জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ড. আকবর হোসেন বাবলু ও তোজাম্মেল হক তোজা। তবে দল থেকে সার্বিক দিক বিবেচনা করে জিন্নাহ’র হাতে তুলে দেয়া হয় ধানের শীষ। দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তোজাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দলের নির্দেশনা মেনে আকবর হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এই আসনে প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটের মাঠে ত্রিমুখী লড়াইয়ের গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ে। নির্বাচনে ভোটের সমীকরণ সেটাই বলে দিচ্ছে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী জিন্নাহ কবীর পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ৭১ হাজার ৩১০ ভোট। বিএনপি’র বিদ্রোহী বড় অঙ্কের ভোটের সমীকরণ নিয়ে নির্বাচনী এলাকার বিএনপিদলীয় কর্মীদের মধ্যে ব্যাপকভাবেই আলোচনা সমালোচনা চলছে। ভোটের বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে ৫০ হাজারের উপরে রয়েছে সনাতনী ধর্মের ভোট। তাদের সিংহভাগ ভোট পড়েছে ধানের শীষের পক্ষে। যার কারণে বিএনপি মনোনীত প্রার্থীর জন্য জয় অনেকটাই সহজ হয়েছে। সনাতনী ধর্মের নীতিনির্ধারকদের দাবি তারা এই নির্বাচনে ধানের শীষেই ভোট দিয়েছেন। সব মিলিয়ে এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জিন্নাহ অর্ধলাখ ভোটের ব্যবধানে বিজয়ী হন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন