টি-টোয়েন্টিতে ফিফটির ‘সেঞ্চুরি’ বাবরের

টি-টোয়েন্টিতে ফিফটির ‘সেঞ্চুরি’ বাবরের

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বুধবার ব্যাট হাতে ব্যক্তিগত মাইলফলক ও দলের জয় দুটিই নিশ্চিত করলেন বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ১০০তম ফিফটি পূরণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন এ তারকা ব্যাটার। পাকিস্তানের প্রথম এবং বিশ্বের স্রেফ চতুর্থ ব্যাটার হিসেবে এই দুর্লভ কীর্তি গড়লেন বাবর।
করাচির জাতীয় স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৫১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর। ৩৭তম বলে লেগ স্পিনার আবরার আহমেদকে বাউন্ডারি মেরে সীমিত সংস্করণের ক্যারিয়ারের শততম সেঞ্চুরিতে পৌঁছান এ ডানহাতি ব্যাটার। বাবরের আগে এই তালিকায় নাম লেখান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৬), ভারতের বিরাট কোহলি (১০৭) এবং ইংল্যান্ডের জস বাটলার (১০০)। তবে বাবর এ মাইলফলকে পৌঁছাতে সময় নিলেন মাত্র ৩৪১ ইনিংস, যেখানে বাটলারের প্রয়োজন পড়ে ৪৬৮ ইনিংস।

শুধু ফিফটির তালিকাই নয়, পঞ্চাশোর্ধ্ব রানের (সেঞ্চুরি ও ফিফটি মিলিয়ে) বিশ্ব তালিকাতেও বাবর এখন তিন নম্বরে। ১১টি সেঞ্চুরি ও ১০০টি ফিফটি মিলিয়ে তার মোট পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ১১১টি। এ তালিকায় বাবর পেছেন ফেলেন ১১০টি ইনিংসের মালিক, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে (৮৮ ফিফটি, ২২ সেঞ্চুরি)। ১২৬টি ইনিংস নিয়ে এ তালিকার চূড়ায় ওয়ার্নার (১১৬ ফিফটি, ১০ সেঞ্চুরি) এবং ১১৬টি নিয়ে দুইয়ে কোহলি (১০৭ ফিফটি, ৯ সেঞ্চুরি)।
বাবরের রেকর্ড গড়ার দিন দাপুটে জয় পায় পেশোয়ার জালমিও। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রান তোলে কোয়েটা। রান তাড়ায় বাবরের ১০ চারে সাজানো ৭১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে জয় পায় পেশোয়ার। এই জয়ে ৭ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাবরের দল।

পিএসএলের চলতি আসরে ৬ ইনিংসে ৭৫.২৫ গড়ে ৩০১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন বাবর। যদিও ১৩২.৫৯ স্ট্রাইক রেট নিয়ে কিছুটা সমালোচিত হচ্ছেন এ তারকা ব্যাটার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন