নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির আবেদনের প্রেক্ষিতে তাদের অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আজ পেশোয়ারের জালমির হয়ে মাঠে নামতে পারবেন দুই টাইগার পেসার। অন্যদিকে, দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নাহিদ ও শরিফুলকে প্রাথমিকভাবে গতকাল পর্যন্ত পাকিস্তানে থাকার অনুমতি দেয় বিসিবি। তবে আজ মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ারের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় বিসিবির কাছে বিশেষ অনুরোধ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সেই অনুরোধে সাড়া দিয়ে দুই টাইগার পেসারের এনওসির মেয়াদ এক দিন বাড়িয়ে আজ পর্যন্ত করা হয়। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, পেশোয়ারের ম্যাচ শেষ করে আগামীকালই দেশে ফিরবেন নাহিদ ও শরিফুল। এদিকে গতকাল সকালে একসঙ্গেই পাকিস্তান থেকে ঢাকায় আসেন মোস্তাফিজরা। ওয়ানডে দলে না থাকা ইমনের ছুটি ছিল ২১শে এপ্রিল পর্যন্ত। কিন্তু কাঁধের চোটে পিএসএল থেকেই ছিটকে গেছেন এ বাঁহাতি ওপেনার। চলতি পিএসএলে পেশোয়ারের হয়ে শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও, পরের ম্যাচগুলোতে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ ও শরিফুল। প্রথম ম্যাচে খরুচে বোলিং করে পরের দুই ম্যাচে গতির ঝড় তুলে ৫ উইকেট শিকার করেছেন। দুই উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন শরিফুলও। তবে পেশোয়ারের স্কোয়াডে থাকা আরেক বাংলাদেশ তারকা তানজিদ কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি। এদিকে লাহোর কালান্দার্স শিবিরে চোটের কারণে উৎসবের আমেজ ফিকে হয়ে গেছে। ফর্মে থাকা ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দেশে ফিরেছেন তিনিও। বিসিবির ফিজিওরা আজ তাকে পর্যবেক্ষণ করবেন। তার চোট কতটা গুরুতর এবং নিউজিল্যান্ড সিরিজে তিনি থাকতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। পেশোয়ারের দুই টাইগার পেসার দেশে ফিরেই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ১৭ই এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা। ১৭ ও ২০শে এপ্রিল মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর ২৩শে এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ম্যাচ।
সেখানেই ২৭শে এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯শে এপ্রিল দ্বিতীয় ম্যাচ খেলে ২রা মে মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি খেলবে দু’দল।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। ৩টার পরিবর্তে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টা থেকে দুপুর ৩টায় এগিয়ে আনা হয়েছে।
দেশে ফিরলেন মোস্তাফিজরা
একদিন বাড়লো নাহিদ-শরিফুলের
স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
