বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডের প্রথম সারির দলকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। কিউইরা এবার দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এলেও টাইগারদের নির্ভার থাকার সুযোগ নেই মনে করেন বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল মিরপুরে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব সংস্করণেই যেকোনো দলকে চ্যালেঞ্জিং অবস্থায় ফেলে। সে হিসেবে নিউজিল্যান্ড সিরিজকে আসলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ, আমাদের ঘরের মাঠে খেলা ও আমাদের পয়েন্টগুলো প্রয়োজন।’ সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। তিনিই বাংলাদেশ সিরিজের দলে থাকা কিউইদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ১৬৩ ও ২৯ ম্যাচ। স্যান্টনারের পাশাপাশি গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্ররা খেলছেন আইপিএলে। আর পিএসএলে ব্যস্ত ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলরা। দলে একাধিক তারকা ক্রিকেটার না থাকলেও দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলকে যথেষ্ঠ শক্তিশালী বলছেন নান্নু। তিনি বলেন, ‘তাদের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগই পরিবর্তন করে এনেছে। আমার মতে এই সিরিজকে হালকাভাবে নিলে কিন্তু তারা আমাদের আবার বিপদে ফেলতে পারে।’ ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে ইনডোর মাঠে ১৫ ও ১৬ই এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে নিউজিল্যান্ড দল। এরপর ১৭ই এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে তারা। একই মাঠে ২০শে এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ২৩শে এপ্রিল। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯শে এপ্রিল। ঢাকায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২রা মে ।
নান্নুর মতে ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন মজবুত থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবে বাংলাদেশ। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘যেকোনো টপ অর্ডার বলুন, মিডল অর্ডার বলুন বা লোয়ার অর্ডার বলুন, খেলোয়াড় কিন্তু তৈরি করতে হবে ঘরোয়া ক্রিকেট থেকে। এখানে আমাদের হাই পারফরম্যান্স ইউনিট আছে, ‘এ’ দলের টাইগার্স ইউনিট আছে। কোচদের দিয়ে নার্সিং করা হয়। কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখতে হয়। উন্নতির জায়গা সেখানেই।’
আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দল ২০২৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি ওযানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। এর বাইরে খেলবে স্বাগতিক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এখন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকে, তাহলে র্যাঙ্কিং বিবেচনায় বাড়বে আরও একটি দল। অর্থাৎ তখন র্যাঙ্কিংয়ের সেরা নয় দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। র্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আট ইংল্যান্ড। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। প্রথম সারিতে থাকা নিউজিল্যান্ডকে হারালে রেটিংয়ে স্বাভাবিকভাবেই উন্নতি হবে বাংলাদেশের। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে। এই সিরিজ থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যা আগামী সিরিজে কাজে লাগবে।’
প্রায় তিন মাস আগে সবশেষ ভারতের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। সেই সিরিজ কিউইরা ২-১ ব্যবধানে জিতে নেয়। একই ব্যবধানে ঘরের মাঠে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় আসছে আজ
দ্বিতীয় সারির দলকেও চ্যালেঞ্জিং বলছেন নান্নু
স্পোর্টস রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
