কোচ আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান

কোচ আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান

ফন্ট সাইজ:

কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ দুই যুগ পর মোহামেডানকে লীগ শিরোপা জেতানো এই কোচকে বরখাস্ত করার বিষয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ঐতিহ্যবাহী ক্লাবটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, লীগে টানা ব্যর্থতা আর দলের অধারাবাহিক পারফরম্যান্সের কারণে অব্যাহতি দেয়া হয়েছে আলফাজকে। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আলফাজের পরিবর্তে ডাগআউট সামলাবেন সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টু। টিম লিডারের দায়িত্বে থাকবেন আমিরুল ইসলাম বাবু। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে জনাব আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মৌসুমের বাকি খেলাগুলো সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সহকারী কোচ জনাব আব্দুল কায়ুম সেন্টুকে ফুটবল দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব এবং ক্লাবের স্থায়ী সদস্য জনাব মো. আমিরুল ইসলাম বাবুকে ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য টিম লিডার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ ২০২৩ সালে ভঙ্গুর অবস্থায় থাকা মোহামেডানের হাল ধরেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। তার অধীনে ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত মৌসুমে লীগ শিরোপা ঘরে তুলে ঐতিহ্যবাহী দলটি। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপাও জিতে তারা। অথচ এক মৌসুম যেতেই চিত্রপট বদলে গেছে। ফেডারেশন কাপ ও লীগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন মোহামেডান। ১০ দলের লীগে ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে তারা। রেলিগেশন জোন থেকে মাত্র ২ পয়েন্ট দূরে। ফেডারেশন কাপেও মোহামেডানের অবস্থা নাজুক। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। টুর্নামেন্টের প্লে-অফ বা পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সাদা-কালোদের সামনে।
বাংলাদেশ ফুটবল লীগের ত্রয়োদশ রাউন্ডে ১৭ই এপ্রিল ফকিরেরপুল ইয়ংম্যান্সের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এর তিন দিন পর আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচ খেলবে সাদা-কালোরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন