বগুড়ায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

ফন্ট সাইজ:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। রোববার সকাল ৮টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে চালকের সময়োচিত সিদ্ধান্ত আর দ্রুত বাস থেকে নামতে পারায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাজাহানপুরের শালুকগাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক কামরুল ইসলাম জানান, আড়িয়া বাজার পার হওয়ার পরই বাসটির ইঞ্জিনের নিচ দিয়ে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত মহাসড়কের একটি ফুট ওভারব্রিজের নিচে বাসটি থামিয়ে দেন। বাসের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে পড়েন। যাত্রীরা নামার কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের নিরলস প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে বাসটি আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যায়। শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, বাসটির ব্যাটারি থেকে শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, অগ্নিকাণ্ডের সময় বাসটিতে প্রায় ৩০ জনের মতো যাত্রী ছিলেন।
আগুন লাগার পরপরই সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন, ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন