বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) প্রত্যাশা অনুযায়ী দলের পারফরম্যান্স না হওয়ায় কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আলফাজের পরিবর্তে ডাগআউট সামলাবেন সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টু। টিম লিডারের দায়িত্বে থাকবেন আমিরুল ইসলাম বাবু।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান জানায়, ‘ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে জনাব আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মৌসুমের বাকি খেলাগুলো সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সহকারী কোচ জনাব আব্দুল কায়ুম সেন্টুকে ফুটবল দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব এবং ক্লাবের স্থায়ী সদস্য জনাব মো. আমিরুল ইসলাম বাবুকে ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য টিম লিডার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
লীগে ১০ দলের মধ্যে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন ঐতিহ্যবাহী ক্লাবটি। ফেডারেশন কাপেও নাজুক অবস্থায় মোহামেডান। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের চারে। প্লে অফে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। তার অধীনে ২৩ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জেতে সাদা-কালোরা। একই বছর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও।
আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
খেলা
৫ মাস আগে
১২ এপ্রিল (রবিবার), ২০২৬, ৭ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
