ইতিহাস গড়ে পুরুষ দলের ডাগআউটে প্রথম নারী কোচ

ইতিহাস গড়ে পুরুষ দলের ডাগআউটে প্রথম নারী কোচ

ফন্ট সাইজ:

ইউরোপিয়ান ফুটবলের আকাশে এক নতুন সূর্যের উদয় হলো। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব ইউনিয়ন বার্লিন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিলো ফুটবল বিশ্বকে। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ পেশাদার দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করলেন মেরি-লুইস ইটা!

জার্মান বুন্ডেসলিগায় চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে ধুঁকছে ইউনিয়ন বার্লিন। সর্বশেষ হেইডেনহাইমের কাছে ৩-১ গোলের হারের পর শনিবার রাতেই ছাঁটাই করা হয় তাদের প্রধান কোচ স্টিফেন বাউমগার্টকে। শীতকালীন বিরতির পর ১৪ ম্যাচে স্রেফ দুই জয় পাওয়ায় অবনমনের শঙ্কা জেঁকে ধরে ক্লাবটিকে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং নতুন প্রাণশক্তি সঞ্চার করতে এই ‘বিপ্লবী’ পথ বেছে নিয়েছে বার্লিনের ক্লাবটি। বাউমগার্টের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ৩৪ বছর বয়সী মেরি-লুইস ইটাকে। এর আগে একই ক্লাবে সহকারী কোচ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফুটবলের ইতিহাসে শুধু বুন্ডেসলিগাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ অথবা ফরাসী লীগ ওয়ানের মতো অভিজাত লীগগুলোতে এর আগে কোনো নারী কোচকে প্রধান হিসেবে দেখা যায়নি। ইটার এই নিয়োগকে ডাগআউটের এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন হিসেবে দেখছে বিশ্লেষকরা। ইউনিয়ন বার্লিনের ডিরেক্টর হর্স্ট হেল্ট এ সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘আমাদের পরিস্থিতি বর্তমানে বেশ সংকটাপন্ন। শীতকালীন বিরতির পর আমাদের পারফরমেন্স মোটেও সন্তোষজনক ছিল না। আমি অত্যন্ত আনন্দিত যে, মেরি-লুইস ইটা এই কঠিন সময়ে দায়িত্ব নিতে রাজি হয়েছেন।’
লীগের পয়েন্ট টেবিলে বর্তমানে একাদশ বার্লিন। ক্লাবটি অবনমন অঞ্চল থেকে কেবল ৭ পয়েন্ট দূরে, হাতে ম্যাচ মাত্র ৫টি। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত ইটা। দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘লীগের তলানির পয়েন্ট ব্যবধান বিবেচনায় নিলে, এখনও বুন্ডেসলিগায় আমাদের টিকে থাকা নিশ্চিত নয়। ক্লাব আমার ওপর যে বিশ্বাস রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। ইউনিয়ন বার্লিনের শক্তি হলো কঠিন সময়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি আত্মবিশ্বাসী যে, এই দলটির মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত পয়েন্ট অর্জন করতে পারব।’
পরিকল্পনা অনুযায়ী, এ মৌসুম শেষেই ক্লাবের নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন ইটা। তবে তার আগেই পুরুষ দলের ত্রাতা হিসেবে ইতিহাস গড়ে বিশ্ব ফুটবলে এক নতুন যুগ শুরু করলেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন