ইংলিশ প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। একদিকে চেলসি মরিয়া চ্যাম্পিয়ন্স লীগের টিকিটের জন্য, অন্যদিকে শিরোপা দৌড়ে টিকে থাকতে মরিয়া সিটিজেনরা। যদিও আন্তর্জাতিক বিরতি শেষে এফএ কাপে দু’দলেরই বড় জয় ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে। তবে পেপ গার্দিওলার দলকে হারাতে আজ এক প্রকার অসাধ্যই সাধন করতে হবে ব্লুদের। ২০২০-২১ চ্যাম্পিয়নস লীগ ফাইনালের পর থেকে সিটির বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি চেলসি! সিটির ১২ ম্যাচের এই অজেয় যাত্রাকে কঠিন হুঁশিয়ারি হিসেবেই দেখবে আজকের স্বাগতিকদের। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। লিয়াম রোজেনিয়রের অধীনে অস্থির সময় পার করছে চেলসি। লীগে নিউক্যাসেল ইউনাইটেড ও এভারটনের বিপক্ষে টানা দুই ম্যাচে গোলহীন পরাজয় পয়েন্ট টেবিলে ছয়ে নামিয়ে দিয়েছে তাদের। চ্যাম্পিয়স লীগ স্পট অর্থাৎ পঞ্চম স্থান থেকে স্রেফ এক পয়েন্ট দূরে ব্লুরা। তবে মাঠের চেয়ে মাঠের বাইরের বিতর্কই চেলসিকে বেশি ভোগাচ্ছে। রিয়াল মাদ্রিদ ইস্যু ও বিতর্কিত মন্তব্যের কারণে দুই ম্যাচের অভ্যন্তরীণ নিষেধাজ্ঞায় রয়েছেন এনজো ফার্নান্দেজ।
এর ফলে সিটির বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই নামতে হচ্ছে তাদের। রোজেনিয়রের জন্য বড় দুঃশ্চিন্তা রক্ষণভাগ। চোটের কারণে অনুপস্থিত অধিনায়ক রিস জেমস, লেভি কলউইল, ট্রেভোহ চালোবাহ এবং ফিলিপ জর্গেনসেন। তবে চোট কাটিয়ে ফেয়ার সম্ভাবনা রয়েছে বেনোইট বাদিয়াশিলের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচকে সমীহ করে চেলসি বস বলেন, ‘ফুটবল বিশ্বের প্রায় প্রত্যেকের ওপরই পেপের (গার্দিওলা) প্রভাব রয়েছে। তিনি একজন অবিশ্বাস্য কোচ এবং তার ক্যারিয়ারও অসাধারণ। তবে আমি চাই, রোববার আমার দল তাদের সামর্থ্য প্রমাণ করুক।’
অন্যদিকে, গত কয়েক সপ্তাহ সিটির জন্য ছিল উৎসবের। আর্সেনালকে হারিয়ে প্রথম কোচ হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ইএফএল কাপ বা লীগ কাপ জেতেন গার্দিওলা। এরপর এফএ কাপে লিভারপুলের (৪-০) বিপক্ষে আর্লিং ব্রুট হালান্দের হ্যাটট্রিকে ভর করে
সেমিফাইনাল নিশ্চিত করে তারা। লীগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও, সিটির হাতে একটি ম্যাচ বেশি আছে। এদিকে, এপ্রিল মাসে সিটির রেকর্ড অবিশ্বাস্য, ৩১টি লীগ ম্যাচের মধ্যে ২৮টিতেই জয় তাদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমাদের এর প্রতিটিই (জয়) সম্পন্ন করতে হবে, নতুবা শেষ পর্যন্ত (শিরোপার দৌড়ে) টিকে থাকার কোনো সুযোগ থাকবে না। এ মৌসুমে আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। এমন কিছু পয়েন্ট হারিয়েছি যা আমাদের পাওয়া উচিত ছিল। আর ঠিক সেই কারণেই আজ আমরা এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছি, যেখানে জয়ের বিকল্প নেই।’ সিটি শিবিরেও চোট সমস্যা রক্ষণভাগেই। ম্যাচে থাকছেন না রুবেন দিয়াস ও জোসকো ভার্দিওল। কাঁধের চোটে থাকা জন স্টোন্স আংশিক অনুশীলন শুরু করলেও তাকে নামানোর ঝুঁকি গার্দিওলা নেবেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। আজ মাঠে নামতেই রেকর্ড গড়বেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ২৯৭টি ম্যাচ খেলার রেকর্ডটি হবে তার। লীগে শেষ ৯ ম্যাচে সিটিকে হারাতে (৩ ড্র, ৬ হার) পারেনি চেলসি। অন্যদিকে, ম্যান সিটি তাদের শেষ দুটি লীগ ম্যাচেই ড্র করেছে। ব্লুরা যদি আজও গোল করতে ব্যর্থ হয়ে হারে, তবে ১৯৯৮-এর পর এই প্রথম টানা তিন ম্যাচে কোনো গোল না করে হারার লজ্জায় পড়বে।
