স্পষ্ট নির্বাচনী ফল পোশাকশিল্পের জন্য ইতিবাচক সূচনা

স্পষ্ট নির্বাচনী ফল পোশাকশিল্পের জন্য ইতিবাচক সূচনা

ফন্ট সাইজ:

বাংলাদেশের পোশাকশিল্প নতুন ও সম্ভাব্য বিএনপি নেতৃত্বাধীন সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের প্রত্যাশা স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা ঠিক করতে পদক্ষেপ নেবে নতুন সরকার। এগুলোকে দীর্ঘদিন ধরে নতুন বিনিয়োগের পথে বাধা হিসেবে দেখা হচ্ছে। শিল্পখাতের নেতারা বলছেন, স্পষ্ট নির্বাচনী ফলাফল ইতিবাচক। নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠনের সহ-সভাপতি ফজলে শামীম এহসান বিবিসিকে বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ায় তিনি সন্তুষ্ট এবং একদলীয় সংখ্যাগরিষ্ঠতা ব্যবসার জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা দিতে পারে বলে মনে করেন। পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। গ্যাপ এবং জারা’র মতো প্রায় সব বৈশ্বিক ব্র্যান্ডের সরবরাহ দিয়ে এই শিল্প প্রায় ৫৫ বিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক ক্ষেত্রকে টিকিয়ে রেখেছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে রপ্তানি ধীরগতির ছিল। প্রথমে রাজনৈতিক অস্থিরতার কারণে, পরে যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের প্রভাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি প্রধান বাজার। রপ্তানিকারকদের ভাষ্য, অনেক ক্রেতা অর্ডার স্থগিত রেখেছেন। ফলে কারখানাগুলো ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের শেহাব-উদ-দোজা চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ও বৈশ্বিক অর্ডার প্রবাহ পুনরুদ্ধারে দেশ দীর্ঘদিন ধরে একটি নির্বাচিত, গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় ছিল। ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ব্যবসায়িক মহল শুধু প্রতিশ্রুতি নয়- আমরা চাই নিশ্চয়তা, অংশীদারিত্ব এবং একটি স্পষ্ট ভিশন।
তার প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম-এ পোশাক সরবরাহ করে।
তবে তিনি আশাবাদী নতুন নেতৃত্ব ব্যবসা ও সাপ্লাই চেইনের প্রয়োজনীয়তা বুঝবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে কাজ করবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন