কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়?

অমিত শাহকে প্রশ্ন অভিষেকের

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়?

ফন্ট সাইজ:

ছাব্বিশে বঙ্গজয়ের লক্ষ্যে ভূরি ভূরি প্রতিশ্রুতি দিয়ে বিজেপি প্রকাশ করেছে সংকল্পপত্র। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা থেকে তা প্রকাশ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য পেশ করেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ- শাহ’র ভাষণ থেকে স্পষ্ট যে, বাংলার পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন। আর তাতেই তীব্র আপত্তি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বিকালে তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সরাসরি প্রশ্ন ছিল, ‘শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দেয়া হয়েছে?’

অভিষেকের বক্তব্য, ‘আজ শাহ মুখ ফসকে বলে দিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাত থেকে পরিচালিত হবে। তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় কেন? উনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার?’ তার প্রশ্ন, ‘বাংলাদেশে যখন সাধুসন্তদের অত্যাচার হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপরে যখন অত্যাচার হয়, তখন মোদি সরকার কী করেছে?’

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলা আর বাংলাদেশিদের এক করে দেখছে কেন্দ্রের বিজেপি সরকার, যা মোটেই কাম্য নয়। এসআইআরে প্রচুর বাংলাদেশি, রোহিঙ্গার নাম বাদ পড়বে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতারা। যদিও এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, বাদ পড়া বেশির ভাগই হিন্দু বাঙালি।