উৎসবমুখর নির্বাচনে বিএনপিসহ বিজয়ীদের অভিনন্দন- আ স ম আবদুর রব

ফন্ট সাইজ:

গণভোট ও জাতীয় নির্বাচনে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রদত্ত ঐতিহাসিক ম্যান্ডেটের জন্য বিএনপিসহ সকল বিজয়ী প্রার্থী, অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের বীর জনতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মহিমায় অর্জিত এই নতুন বাংলাদেশে আজকের এই শান্তিপূর্ণ নির্বাচন আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। জনগণ অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের রায় প্রদান করে রাষ্ট্র সংস্কারের যে জোরালো বৈধতা দিয়েছেন, তা কেবল একটি নির্বাচনী জয় নয়; বরং এটি একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র গড়ার অদম্য অঙ্গীকার।’ তিনি আরও বলেন, “এই বিজয় কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সরকার গঠনের সাফল্য নয়, এটি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথে এক বিশাল যাত্রা। গণমানুষের স্বপ্নপূরণে একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান ব্রত। গণতন্ত্র মানে কেবল ভোট নয়; বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বৈচিত্র্যের মাঝে ঐক্যই হবে আমাদের শক্তির উৎস।
জনগণের এই বিপুল জনরায়কে যদি আমরা একটি অংশীদারিত্বমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, তবেই শহীদদের রক্ত সার্থক হবে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।”


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন