মাঝ আকাশে স্বর্ণজয়ী গালিব-জয়দের অন্যরকম সংবর্ধনা

মাঝ আকাশে স্বর্ণজয়ী গালিব-জয়দের অন্যরকম সংবর্ধনা

ফন্ট সাইজ:

সাফল্যের মুকুট পরে দেশে ফিরলেন দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। পাকিস্তানে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ দক্ষিণ এশিয়ার ছয়টি শক্তিশালী দেশকে পেছনে ফেলে দ্বৈতে স্বর্ণপদক জেতেন এই দুই উদীয়মান তারকা। তাদের এই বিজয় উৎসব কেবল কোর্টে সীমাবদ্ধ থাকেনি, দেশের মাটিতে পা রাখার আগে বিমানের ভেতর গতকাল অন্যরকম সংবর্ধনায় সিক্ত হলেন তারা।

বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা উড়িয়ে যখন গালিব ও জয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে চড়ে দেশের পথে আসছিলেন, তখন এই বিশেষ আয়োজন করা হয়। বিমানের ভেতরে এই দুই স্বর্ণজয়ীর সম্মানে কেক কাটা হয়। এ ছাড়া দু’জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই ফ্লাইটে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সানোয়ার হোসেন। দেশের এই অর্জনে শামিল হতে তিনিও যোগ দেন উদ্‌যাপনে। গালিব ও জয়ের সঙ্গে কেক কেটে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন সানোয়ারসহ উপস্থিত যাত্রীরা। খেলোয়াড়দের উৎসাহিত করতে বিমানের কর্মকর্তাদের এমন উদ্যোগে গোটা বিমানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।