রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে। দ্রুত ধাওয়া ও কৌশলগত অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো-মোঃ রিয়াজুল ইসলাম (২৭), মোঃ রাজু মিয়া (২০), মোঃ রাজন মিয়া (৩০)। আনসার সূত্র জানিয়েছে, শুক্রবার ভোর ৪ টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্প মহাখালীর আনসার সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার সদস্যরা জানতে পারেন একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিক্সা ছিনতাই করে ড্রাইভার ও দুইজন যাত্রী সেজে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে অন্য সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন। অভিযানে ১টি অটোরিক্সা, ২টি ছুরি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন-এপিসি মোঃ আমিনুল ইসলাম, আনসার মোঃ আব্দুল জলিল, আনসার মোঃ কামরান এবং আনসার মোঃ অহিদুজ্জামান। পরে উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত তিনজনকে বনানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
