২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডে অভিষেক লিটন দাসের। অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে খেললেন ১৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস। লিটনের নান্দনিক ব্যাটিংয়ের মাধুর্য সব সময় নজর কাড়ে ভক্ত-সমর্থকদের। মাশরাফিও লিটনের ভক্তদের মধ্যে অন্যতম।
ম্যাচ শেষে লিটনকে সঙ্গে করে সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি। প্রশংসায় ভাসালেন টাইগার ওপেনারকে। মাশরাফি বলেন, ‘আমার দুজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে সবসময় ভালো লাগে একটা হচ্ছে বিরাট কোহলি আরেকটা হচ্ছে লিটন। সবসময় বলি, অনেকেই ভালো প্লেয়ার আছে। কিন্তু যতক্ষণ উইকেটে থাকে দেখতে ভালো লাগে, আমি লিটনকে এটা অনেক আগে থেকেই বলে আসছি।'
‘আমি সব সময় বিশ্বাস করি লিটন শুধু উইকেটে থেকে খেলা সেটা না, লিটন মোমেন্টাম বদলে দিতে পারে। উইকেটে দীর্ঘসময় থাকতে পারে,বড় ইনিংস খেলতে পারে। সবই পারে। আমার বিশ্বাস ও এটা বুঝতে পেরেছে। চার-পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ওর মধ্যে পরিপক্কতাও এসেছে। কয়েকদিন আগেও বলছিলাম এটা ওর পিক টাইম রান করার। আমার বিশ্বাস যে এখন ও রান করবে। ভারতের সঙ্গে যে সেঞ্চুরিটা করেছিল এশিয়া কাপে। আমি মনে করি ওটা তার স্বাভাবিক খেলা। আমি এটা প্রায়ই বলি ওকে।’
