রিসেট

নবাবগঞ্জে উচ্ছেদের পর আবারো রাস্তা দখল

প্রকাশিত: ২৭ নভেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: খালিদ হোসেন সুমন, নবাবগঞ্জ (ঢাকা) থেকে
ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা বাজারের ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি সপ্তাহ না যেতেই অবৈধভাবে আবারো দখল হয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে রাস্তাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এক সপ্তাহের মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার সেই পুরনো চেহারায় ফিরে এসেছে নয়নশ্রী ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাস্তাটি আবারো দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পথচারীরা। মঙ্গলবার সরজমিনে দেখা যায়, বিভিন্ন ফলের দোকান বসিয়ে আবারো দখল করা হচ্ছে রাস্তাটি। প্রভাবশালীরা সরকারি জমি দখল করে ভূমি অফিসের কর্মকর্তাদের নাকের ডগায় অবৈধভাবে সেখানে ফলের দোকান বসালেও কর্মকর্তারা নির্বিকার। জানা যায়, একটি চক্র সরকারি রাস্তাটি দখল করে দোকান ভাড়া দেয়। বিনিময়ে আদায় করে মাস শেষে ভাড়া। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি সেখানকার দোকানদাররা। অন্যদিকে হয়রানির ভয়ে নিশ্চুপ বাজারের অন্য ব্যবসায়ীরা।
কয়েকজন পথচারী বলেন, প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিবে আবার দুইদিন যেতে না যেতেই তা দখল হয়ে যাবে। এটা তো কয়েকবারই দেখলাম। মনে হচ্ছে প্রশাসনের চেয়ে প্রভাবশালীরা ক্ষমতাবান। সরকারি রাস্তায় অবৈধ দোকান বসিয়ে একটি মহল নিয়মিত ভাড়া আদায় করছে দীর্ঘদিন যাবৎ। এসব দখলবাজের আগে আইনের আওতায় আনতে হবে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেয়া হয়েছিল। সেখানে অস্থায়ী বসার জন্যও কাউকে অনুমতি দেয়া হয়নি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।