সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা নামক স্থানে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম ফাতিমা খাতুন (৩০)। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেলের চালক, ডাক্তার আজিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে কুমিরা কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে কুমিরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। কদমতলা পৌঁছালে পেছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুইজন রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত আজিজুর রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
